Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ - Chief TV

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  38 views
রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ - Chief TV

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং নতুন প্রজন্মের মেধাবিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশীয় চলচ্চিত্র ও নাটকে প্রেম ও রোমান্টিক কনটেন্টের আধিক্য সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি করছে। এর প্রভাবে শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে।

এতে আরও দাবি করা হয়, বিভিন্ন নাটক ও সিনেমায় পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক বা ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে সমাজের প্রচলিত মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গণমাধ্যমে এ ধরনের বিষয়ের অবাধ প্রদর্শন পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের বিষয়ও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক শৃঙ্খলা রক্ষা করা নাগরিকের দায়িত্ব। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে এতে আইনসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যায়। পাশাপাশি জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের কথাও উল্লেখ করা হয়েছে।

শুধু প্রেম ও রোমান্সনির্ভর বিনোদন কমানোর পাশাপাশি গঠনমূলক ও শিক্ষামূলক কনটেন্ট বাড়ানোর দাবিও জানানো হয়েছে নোটিশে। দেশপ্রেমিক ও সুশিক্ষিত প্রজন্ম গঠনে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক এবং চলচ্চিত্র নির্মাণ ও সম্প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


Share: