Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু - Chief TV

সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  51 views
সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু - Chief TV

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে কিছুটা পূর্ব দিকে যাওয়ার সময় তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পরে তার অভিভাবকেরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Share: