Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী - Chief TV

সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  37 views
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী - Chief TV

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তাঁর ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী।’

সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। পরে তাঁর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। তাঁদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।

সাংবাদিকদের একটি পেশাজীবী গোষ্ঠী হিসেবে লক্ষ্য করে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মী বলেন, এ মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। একজন সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডা. মিজানুর রহমানের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। একই সঙ্গে তাঁরা এ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, ‘একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।


Share: