বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তলার করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। এই তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় রয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করিডোরে সাপের উপস্থিতির বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাটি সত্য।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের দেখা মেলে। সাপগুলো করিডোরে ছোটাছুটি করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সচিবালয়ের ১৯তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভবনের স্টোরেজ কিংবা অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এ কারণে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।