ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তার ভারত সফরের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ইতিবাচক ও গঠনমূলক করার বিষয়ে আলোচনা হয়। সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে দাবি করা হয়েছে।
বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এর আগে জুলাইয়ের শেষ দিকেও তিনি বলেছিলেন, তারেক রহমানের ভারত সফর হলে দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
দ্য ট্রিবিউনের দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন না তারেক রহমান। সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও একই অবস্থান থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ঢাকা এর আগে একাধিকবার দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতও অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আইনগত দিক বিবেচনা করে পরীক্ষা করা হচ্ছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও আয়োজক দেশ হিসেবে ভারত সদস্য নয় এমন দেশের নেতাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।