মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক সরিয়ে দেওয়ার অভিযোগকে গুজব বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ছড়িয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গত বুধবার (২৬ আগস্ট) রাতে সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার একটি ফেসবুক পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এরপর বিভিন্ন মাধ্যমে স্ট্যান্ডের নামফলক সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্য কোনো আন্তর্জাতিক ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলকও যথাস্থানেই রয়েছে।
বিসিবির ভাষ্য, চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম মাঠে উপস্থিত দর্শকদের জন্য এবং টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। ম্যাচের টিকিট ও প্রচারসামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়াম ও অন্যান্য ভেন্যুর নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় স্ট্যান্ডের নামসংবলিত সাইনেজ ক্ষতিগ্রস্ত হলে তা সাময়িকভাবে সরিয়ে নেওয়া হতে পারে। তবে এ ধরনের কাজ ম্যাচ না থাকার দিনগুলোতেই করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিসিবি তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করেছে উল্লেখ করে বোর্ড জানিয়েছে, এ বিষয়ে বিভ্রান্তি বা জল্পনার কোনো সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে বিসিবি ও বর্তমান বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি। এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার বোর্ড সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।