নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য শনিবার সকালে নিজ ভ্যান চালিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় যান তিনি।
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কালিকাপুর বাজার এলাকায় পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত এমদাদুল হককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এমদাদুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।