Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / লাইফস্টাইল / শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, পাবেন যেভাবে - Chief TV

শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, পাবেন যেভাবে - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  32 views
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, পাবেন যেভাবে - Chief TV

শিক্ষার্থীদের জন্য এক বছরের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ও জেমিনির প্রো সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে টেক জায়ান্ট গুগল। শুক্রবার (২১ আগস্ট) ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাপী এ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি।

এই অফারের আওতায় শিক্ষার্থীরা এক বছরের জন্য গুগল জেমিনি ব্যবহারের সুবিধা, স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবেন। পাশাপাশি গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনেও শিক্ষার্থীরা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও এ সুবিধা নিতে পারবেন। তবে এজন্য শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। পাশাপাশি নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট এবং দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হওয়ার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা অন্যান্য গ্রহণযোগ্য নথি থাকতে হবে।

সুবিধাটি নিতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে গুগল ওয়ানের স্টুডেন্ট অফার পেজে যেতে হবে। এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে বাংলাদেশ নির্বাচন করতে হবে। সেখানে শিক্ষার্থীর নাম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিতে হবে।

পরবর্তী ধাপে স্টুডেন্ট আইডি অথবা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের প্রমাণপত্রের ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে। তথ্য ও নথি যাচাইয়ের পর গুগল অফারটি ব্যবহারের অনুমোদন দেবে।

অফারটি বিনামূল্যে হলেও অ্যাক্টিভেশনের সময় একটি আন্তর্জাতিক পেমেন্ট সুবিধাযুক্ত কার্ড যুক্ত করতে হতে পারে। তবে নির্ধারিত ১২ মাসের ট্রায়াল মেয়াদে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না বলে জানানো হয়েছে।

গুগলের জেমিনি প্রো উন্নত এআই মডেলগুলোর একটি। এটি কোডিং, তথ্য বিশ্লেষণ, গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করার মতো কাজে সহায়তা করতে পারে। শিক্ষার্থীরা এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা, কুইজসহ বিভিন্ন শিক্ষামূলক কাজের খসড়া তৈরিতেও সহায়তা নিতে পারবেন।


Share: