Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতায়, ক্ষতিপূরণ পেলেন তিশা - Chief TV

সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতায়, ক্ষতিপূরণ পেলেন তিশা - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  41 views
সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতায়, ক্ষতিপূরণ পেলেন তিশা - Chief TV

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকা ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব এলাকায় তার বহরের গাড়িতে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় তিশাসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ভৈরব মেঘনা সেতুর টোল প্লাজা পার হয়ে নাটাল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয় বলে জানা গেছে। এতে গাড়িটির সামনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ভৈরব ফেরিঘাট সড়কের দিকে চলে যায়। খবর পেয়ে স্থানীয় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

পরে অনুসন্ধানে জানা যায়, পিকআপ ভ্যানটি স্থানীয় একটি বেকারির মালিকানাধীন। পুলিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।

দুর্ঘটনার পর তাসনুভা তিশা ও তার সহযাত্রীরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

আলোচনা শেষে তাসনুভার গাড়ির ক্ষয়ক্ষতি বাবদ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয় পিকআপ ভ্যানের মালিকপক্ষ। লিখিত আপসনামার মাধ্যমে ঘটনাটির নিষ্পত্তি করা হয়।

ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল আসার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।

দুর্ঘটনায় বড় ধরনের শারীরিক ক্ষতি না হওয়ায় পরবর্তীতে তাসনুভা তিশা ও তার সহযাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা হন।


Share: