Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / সরকারদলীয় হয়েও জানমালের নিরাপত্তা নেই: হামলার শিকার এমপি - Chief TV

সরকারদলীয় হয়েও জানমালের নিরাপত্তা নেই: হামলার শিকার এমপি - Chief TV

2026-08-16  ডেস্ক রিপোর্ট  28 views
সরকারদলীয় হয়েও জানমালের নিরাপত্তা নেই: হামলার শিকার এমপি - Chief TV

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িতে বসে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর দেওয়া ভিডিও বার্তায় আয়নুল হক অভিযোগ করেন, সরকারদলীয় সংসদ সদস্য হওয়ার পরও তার জানমালের নিরাপত্তা নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এনসিপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রায়গঞ্জে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, হামলায় সংসদ সদস্য কোনো আঘাত পাননি। তবে তার ব্যবহৃত গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।


Share: