Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / স্বৈরাচার আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির - Chief TV

স্বৈরাচার আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  33 views
স্বৈরাচার আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির - Chief TV

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার পর গত সাত মাসে বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নকাজে সহযোগিতা করার কথা ভেবেছিল বিরোধী দল। কিন্তু বিএনপি সরকার সেই সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য, সরকার আগের স্বৈরাচারের পথেই হাঁটছে। বিএনপি পরিবর্তিত হলেও জামায়াত নিজেদের অবস্থান পরিবর্তন করবে না বলেও জানান তিনি।

জামায়াত আমির বলেন, এখন থেকে তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বিএনপির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপি তাদের মতোই একটি রাজনৈতিক দল ছিল। এরপর দলটি রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে আগে বিএনপির সঙ্গে তাঁদের ঐকমত্য ছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গণভোট আগে আয়োজন করা হলে বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ত না বলে তাঁরা মনে করেছিলেন। কিন্তু বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নেয়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেওয়ার কথা জানালেও বিএনপির সদস্যরা সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

শফিকুর রহমান আরও বলেন, বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তাঁর মতে, দুটি ভোটের রায় যথাযথভাবে মূল্যায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না। বিএনপির সিদ্ধান্তই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।


Share: