Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / তাজমিনের শেষ মুহূর্ত নিয়ে প্রেমিকের চাঞ্চল্যকর তথ্য

তাজমিনের শেষ মুহূর্ত নিয়ে প্রেমিকের চাঞ্চল্যকর তথ্য

2026-10-11  ডেস্ক রিপোর্ট  61 views
তাজমিনের শেষ মুহূর্ত নিয়ে প্রেমিকের চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লায় সংঘটিত তাজমিন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার প্রেমিক রাজু। রাজুর দাবি, কক্সবাজার থেকে নিরাপদে বাসে তুলে দেওয়ার পর কুমিল্লা পৌঁছানো পর্যন্ত তাজমিনের সাথে তার নিয়মিত যোগাযোগ ও লাইভ লোকেশন চালু ছিল। তবে কুমিল্লায় পৌঁছানোর পর এক রহস্যজনক ব্যক্তির সাথে সিএনজিতে ওঠার পরেই রাজুর সাথে তার শেষ ভিডিও কল ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজু জানান, গত ছয় মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবারের সাথে মনোমালিন্য করে তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় তার এক বান্ধবীর বাসায় যান। পরবর্তীতে সেখান থেকে রাজুর সাথে দেখা করতে কক্সবাজার চলে আসেন। রাজু প্রথমে তাকে আসতে নিষেধ করলেও তাজমিন একা একাই কক্সবাজার বাস টার্মিনালে এসে পৌঁছান। এরপর তারা কক্সবাজারের ‘মেঘলা রিসোর্ট’-এ একদিন অবস্থান করেন।

 

রাজু বলেন, "তাজমিনের ফোনে তার বাবা-মা বারবার কল দেওয়ায় আমি তাকে বাড়ি ফিরে যেতে বলি। আমি নিজে 'আইকন এক্সপ্রেস'-এর টিকিট কেটে তাকে সাড়ে ১২টার দিকে বাসে তুলে দিই। কুমিল্লা পৌঁছানো পর্যন্ত সে আমার সাথে লাইভ লোকেশনে যুক্ত ছিল এবং আমাদের কথা হচ্ছিল।"

 

তবে বিপত্তি ঘটে তাজমিন কুমিল্লায় পৌঁছানোর পর। রাজু জানান, কুমিল্লা পৌঁছে তাজমিন তাকে জানান যে তাদের বাসার মেইন গেট বন্ধ এবং তার বাবার মোবাইলও বন্ধ রয়েছে। রাজু তাকে বাসার সামনে অপেক্ষা করতে বললেও তাজমিন জানান, এক বন্ধুর বাবার সাথে তার দেখা হয়েছে এবং তিনি রাতে সেই বন্ধুর বাসায় থাকবেন।

 

সন্দেহ হলে রাজু তাকে ভিডিও কল দেন। রাজুর ভাষ্যমতে, "ভিডিও কলে দেখি ও একটা সিএনজিতে বসা। এ সময় পাশ থেকে এক লোক তাকে জিজ্ঞেস করে ‘কার সাথে কথা বলছ?’ তাজমিন ‘বন্ধুর সাথে’ উত্তর দিয়েই কল কেটে দেয়। একই সাথে সে লাইভ লোকেশনও বন্ধ করে দেয়। এরপর সে শেষ একটি মেসেজে লেখে ‘চিন্তা করো না, আঙ্কেলের বাসায় যাচ্ছি, কাল সকালে বাড়ি ফিরব’। এর পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি।"

 

পরদিন বিকেলে তাজমিনের বান্ধবীর মাধ্যমে তার নির্মম হত্যাকাণ্ডের খবর পান বলে জানান রাজু। সিএনজিতে থাকা সেই অজ্ঞাত ব্যক্তি কে ছিলেন এবং তাজমিন হত্যাকাণ্ড কীভাবে ঘটলো, তা নিয়ে তদন্ত জোরদারের দাবি উঠেছে। 

 


Share: