Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / তাড়াশে দলবদ্ধ কুকুরের উপদ্রবে আতঙ্কে বাসিন্দারা - Chief TV

তাড়াশে দলবদ্ধ কুকুরের উপদ্রবে আতঙ্কে বাসিন্দারা - Chief TV

2026-08-19  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  50 views
তাড়াশে দলবদ্ধ কুকুরের উপদ্রবে আতঙ্কে বাসিন্দারা - Chief TV

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরে দিন দিন বাড়ছে দলবদ্ধ বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন সড়ক ও বাসাবাড়ির আশপাশে একসঙ্গে ৫ থেকে ১০টি কুকুর ঘোরাফেরা করায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিশুদের স্কুলে যাতায়াত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।

স্থানীয়দের অভিযোগ, দলবদ্ধ এসব কুকুর মাঝেমধ্যে পথচারীদের তাড়া করে। এতে শিশুদের পাশাপাশি নারী ও বয়স্করাও আতঙ্কের মধ্যে চলাচল করছেন। বাসিন্দা আলমিনা উর্মি বলেন, সন্তানদের স্কুলে পাঠানোর সময় সবসময় উদ্বেগে থাকতে হয়। অনেক সময় নিজেকেই তাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে হয়। বাড়ির সামনেও প্রায়ই দলবদ্ধ কুকুর ঘোরাফেরা করে বলে জানান তিনি।

তাড়াশের লিডো স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা জানায়, স্কুলে যাওয়া-আসার সময় সামনে কুকুর পড়লে তার ভয় লাগে। একই বিদ্যালয়ের নার্সারির শিক্ষার্থী মুসকানও কুকুরকে ভয় পাওয়ার কথা জানিয়েছে।

স্থানীয়দের দাবি, পৌর কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় দলবদ্ধ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল হাকিম বলেন, তাড়াশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। এসব কুকুর ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ ছোট শিশুদেরও আক্রমণ করছে বলে অভিযোগ রয়েছে। কুকুরগুলোকে জলাতঙ্ক নিরোধক টিকা দেওয়ার ব্যবস্থাও নেই বলে দাবি করেন তিনি। নাগরিক ও গৃহপালিত পশু-পাখিকে নিরাপদ রাখতে উপজেলা ও পৌর প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও জানান তিনি।


Share: