সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলের একটি ছবি নিয়ে সম্প্রতি শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে ছবিটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, বরং একটি নাটকের দৃশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্মাতা।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন ঘটনা, চরিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে। গল্পে মামুনুর রশীদের চরিত্রটি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। একপর্যায়ে পরিবারের অমতে বাড়ি ছেড়ে ওই তরুণী তার কাছে চলে আসে। এরপর দুজন মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে শুরু করেন।
তাদের কর্মকাণ্ড ঘিরে মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি একসময় বিরক্তিও দেখা দেয়। গল্পের ধারাবাহিকতায় সুইমিংপুলে তাদের একটি দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানা নেতিবাচক মন্তব্য ও সমালোচনা।
বিষয়টি নিয়ে পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ভাইরাল হওয়া ছবিটি নাটকের একটি দৃশ্যের অংশ। পুরো প্রেক্ষাপট না জেনেই অনেকে ছবিটি নিয়ে নানা মন্তব্য করেছেন। সমাজে আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র এবং ঘটনাকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়ার লক্ষ্যেই ‘আমরা ভাইরাল’ নির্মাণ করা হয়েছে।
নাটকটি নিয়ে আশাবাদী মামুনুর রশীদও। তিনি জানান, দীর্ঘদিন পর ভিন্নধর্মী একটি গল্পে কাজ করেছেন তিনি। চারপাশের পরিচিত নানা বিষয়কে নির্মাতা গল্পের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন এই বরেণ্য অভিনেতা।
‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা ও টুনটুনি সোবহানসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে।