ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ার ও চলচ্চিত্রে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘ প্রায় নয় বছর এই বিয়ের খবর গোপন রেখেছিলেন দুজন বলে জানান অপু।
২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। বিষয়টি প্রকাশের পর ঢাকাই চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এক পুরোনো সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন, স্বামী ও তাঁর পরিবারের সম্মানের কথা বিবেচনা করেই সে সময় বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। শাকিব খানের পরিবারের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং রোজা রাখতেন বলেও জানান।
অপু বিশ্বাস আরও জানিয়েছিলেন, শাকিব খান তাঁকে হজে যাওয়ার কথা বলেছিলেন। তবে ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তিনি।
নিজের ভবিষ্যৎ ও ধর্মীয় পরিচয় নিয়েও ওই সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অপু। পরিচিত মুখ হিসেবে মৃত্যুর পরও যেন যথাযথ ধর্মীয় রীতি ও সম্মান বজায় থাকে, সে বিষয়টি নিয়ে তিনি সচেতন ছিলেন বলে জানান।
অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে বরাবরই আলোচনায় থাকা অপু বিশ্বাসের শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান আব্রাম খান জয়ের বিষয়টি প্রকাশ্যে আসার ঘটনাও ঢালিউডের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।