রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজ দল নগরবাউলকে নিয়ে মঞ্চ মাতাবেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস।
যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত এই কনসার্টে নগরবাউল ছাড়াও পরিবেশনায় অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। একই মঞ্চে একাধিক জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতিতে কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে কনসার্টে অংশ নিতে যাওয়া শিল্পী ও ব্যান্ডগুলোর নাম জানিয়েছে।
এদিকে, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি কনসার্টে একক পরিবেশনাও করবেন তিনি। এ ছাড়া সংগীতশিল্পী একে রাহুলেরও পরিবেশনা করার কথা রয়েছে।