গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডী বাজারের পশ্চিম পাশে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার হরিচন্ডী বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শত শত ভুক্তভোগী ও সচেতন মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। হরিচন্ডী বাজার, বসতবাড়ি, আবাদি জমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে। দ্রুত এই কার্যক্রম বন্ধ করা না হলে বহু পরিবার বসতভিটা ও সম্পদ হারানোর আশঙ্কায় রয়েছে।
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে ডা. মো. আলকাছুর রহমান, কারিমুল ইসলাম কারি, শাহিন প্রামাণিক, মো. আকরামুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীও মানববন্ধনে অংশ নেন।
সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভিটেমাটি, কৃষিজমি ও এলাকার অস্তিত্ব রক্ষায় ভবিষ্যতে আরও বৃহত্তর সামাজিক ও আইনগত কর্মসূচি নেওয়া হবে।