১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের বিভিন্ন পথে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি বা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে পারে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।