দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা দুই-এক মাসের মধ্যে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে সার্জিক্যাল গজ রেখে দেওয়ার অভিযোগে মারা যাওয়া কনিকা মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফরিদপুরের সমরিতা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর কনিকা মণ্ডলের পেটে সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের প্রায় ৫১ দিন পর তার মৃত্যু হয়েছে। এমন ঘটনায় সরকার ব্যথিত। বিষয়টি জানার পর তিনি ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছেন।
ঘটনার তদন্তে রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরে তৈরি হওয়া সমস্যা দুই-এক মাসে সমাধান করা সম্ভব নয়। এ সময়ে বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে, যা বর্তমানে স্বাস্থ্যসেবায় নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের এসব সমস্যা ধীরে ধীরে সমাধান করতে হবে।
দেশে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ৫০ শয্যা এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
এ সময় নিহত কনিকা মণ্ডলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী। সরকারের পক্ষ থেকে পরিবারকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি মাতৃহারা শিশুটির পূর্ণ ভরণপোষণের দায়িত্ব সরকার বহন করবে বলেও আশ্বাস দেন তিনি।
গত ২৯ জুন অসুস্থ হয়ে ফরিদপুর শহরের ঝিলটুনির সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হন বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল (৩৫)। সেখানে চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের তত্ত্বাবধানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
অস্ত্রোপচারের পরদিন কনিকার পেট ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। পরিবারের অভিযোগ, বিষয়টি চিকিৎসককে জানানো হলেও তা যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়নি। পরে অবস্থার অবনতি হলে ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ৭ জুলাই কনিকার পেটে সার্জিক্যাল গজ থাকার বিষয়টি শনাক্ত হয়। একই দিন অস্ত্রোপচার করে গজটি বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার ওই হাসপাতালে মারা যান কনিকা মণ্ডল।