দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে মৌলভীবাজারের বড়লেখার বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা রানী সেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক বেলাল আহমদের সঞ্চালনায় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৌরব গোস্বামী। এ ছাড়া বিদ্যালয়ের অভিভাবক সদস্য নিজাম উদ্দিন, সামিল আহমদ, নজরুল ইসলাম এবং ৫ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মনিয়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিপ্রা রানী সেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত ও বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা।
বিদায়ী শিক্ষক শিপ্রা রানী সেনও তাঁর ৩৭ বছরের শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তাঁর বক্তব্যে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিপ্রা রানী সেনকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।