হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়তে পারেনি।
অগ্নিকাণ্ডে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন সার ও কীটনাশকের দোকান ‘ইসলাম ট্রেডার্স’, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলার্সের দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ইসলাম ট্রেডার্সে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। অন্যদিকে মুদি দোকানে ৮ থেকে ১০ লাখ টাকার পণ্য মজুত ছিল। এছাড়া টেইলার্সের দোকানের কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও পুড়ে গেছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিটসহ সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।