Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল - Chief TV

আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  37 views
আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল - Chief TV

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন মেট্রোরেল প্রকল্প ‘এমআরটি লাইন-২’। গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে ২৪টি স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশের অর্থায়নে বিশ্বব্যাংকের পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ঋণ সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে কাজ শুরু করে ২০৩০ সালের মধ্যে এই রুটে মেট্রোরেল চালুর পরিকল্পনা করা হচ্ছে। প্রকল্পের রুটে উড়াল ও পাতাল—দুই ধরনের ব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে শুরু হয়ে মেট্রোরেলটি ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

নতুন এই মেট্রোরেল রাজধানীর বিদ্যমান ও প্রস্তাবিত অন্যান্য মেট্রো লাইনের সঙ্গে সংযুক্ত থাকবে। গাবতলী এলাকায় এমআরটি-৫-এর উত্তর ও দক্ষিণ অংশ, কমলাপুরে এমআরটি-১, ৪ ও ৬ এবং সাইনবোর্ড স্টেশনে এমআরটি-৪-এর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ফলে যাত্রীদের একাধিক রুটে সহজে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ও এআইআইবির সঙ্গে আলোচনা চলছে। বিশ্বব্যাংকের কাছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চাওয়া হয়েছে। বিশ্বব্যাংক ইতোমধ্যে প্রকল্পে অর্থায়নের বিষয়ে বৈঠক ও উপস্থাপনা করেছে। এআইআইবির সঙ্গেও ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে প্রকল্পের প্রাক-প্রকল্প উন্নয়ন প্রস্তাব (পিডিপিপি) বর্তমানে পরিকল্পনা কমিশনে পর্যালোচনা করা হচ্ছে। কমিশনের মতামত পাওয়ার পর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ সংগ্রহের জন্য প্রস্তাবটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হবে। এরপর সমীক্ষাসহ প্রকল্পের মূল কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত এমআরটি-২ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহন লাইন। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা পুরান ঢাকাকে এই রুটের আওতায় আনা হলে গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

ইআরডি সূত্র জানিয়েছে, এমআরটি-২ প্রকল্পে ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংকের নীতিগত সম্মতি রয়েছে। এর আগে প্রাথমিক সমীক্ষার জন্যও বিশ্বব্যাংক ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে সে সময় প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেলের বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এমআরটি-২ ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি পুরান ঢাকা ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।


Share: