শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি।
অভিযান চলাকালে একটি ইজিবাইকসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।