Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / শেরপুর / প্রধান সড়ক সম্প্রসারনের অভাবে হাজারো মানুষের দুর্ভোগ - Chief TV

প্রধান সড়ক সম্প্রসারনের অভাবে হাজারো মানুষের দুর্ভোগ - Chief TV

2026-08-27  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  38 views
প্রধান সড়ক সম্প্রসারনের অভাবে হাজারো মানুষের দুর্ভোগ - Chief TV

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার অংশ সম্প্রসারণ না হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্প্রসারণের দাবি স্বাধীনতার পর থেকেই জানিয়ে আসলেও দীর্ঘ ৫৫ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তান আমলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শেরপুর জেলা সদর থেকে ঝিনাইগাতী উপজেলা সদর হয়ে রাংটিয়া পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এক লেনের সড়ক নির্মাণ করে। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখনো এক লেনেরই রয়ে গেছে। অথচ সড়কের দুই পাশে সওজের পর্যাপ্ত জায়গা রয়েছে।

সরু সড়কটিতে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, ইজিবাইক, রিকশা, ভ্যান, ট্রলি ও মাহিন্দ্রাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। এতে পথচারী, যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়। সড়কের দুই পাশে থাকা নিচু জায়গায় ময়লা-আবর্জনা জমে থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

ঝিনাইগাতীর অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক আসেন। পর্যটকদের বহনকারী যানবাহনও এই সড়ক ব্যবহার করায় বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে যানজট আরও তীব্র হয়। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ভোগান্তির শিকার হন।

ঝিনাইগাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. মোকলেছুর রহমান খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সড়কটি সম্প্রসারণের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। দ্রুত সড়কটি সম্প্রসারণ করা হলে যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে যাবে।

স্থানীয় বাসিন্দারাও দ্রুত সড়কটি সম্প্রসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

এ বিষয়ে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিরুল ইসলাম বলেন, এক কিলোমিটার সড়ক সম্প্রসারণের জন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। প্রকল্পটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সাড়া পাওয়া গেলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


Share: