বিয়ের জন্য চলছিল পাত্রী দেখা। পরিবারে ছিল নতুন জীবনের স্বপ্ন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ৪০ বছর বয়সী কাস্টমস কর্মকর্তা মো. আব্দুল আলিমের। কিন্তু বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে থেমে গেল তার সব স্বপ্ন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল আলিম নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত আব্দুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা। তিনি আব্দুল কাদেরের ছেলে এবং সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, আব্দুল আলিম এখনো বিয়ে করেননি। তার জন্য পাত্রী দেখা চলছিল। বিয়ে নিয়ে পরিবারের সবার মধ্যে ছিল নানা পরিকল্পনা। বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে বসে বিয়ের বিষয়ে কথা বলার কথা ছিল তার। কিন্তু বাড়ির পথে বাস দুর্ঘটনায় পড়ে আর ফেরা হলো না তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা ট্রাক চলছিল। হঠাৎ ট্রাকটি ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আলিম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুটি রেকারের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
মহিপাল হাইওয়ে থানার এসআই মাজেদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পরিবারে যেখানে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে এখন নেমে এসেছে শোকের ছায়া। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বাড়ির পথে যাওয়া আব্দুল আলিম আর কোনোদিন ফিরবেন না—স্বজনদের কাছে থেকে গেল সেই বেদনাদায়ক বাস্তবতা।