Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা - Chief TV

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  22 views
বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা - Chief TV

লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। টানা তিন দিন রেস্টুরেন্টটি বন্ধ থাকায় কাঁচামাল নষ্ট হওয়া এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ার দাবি করেছেন মালিক শাহাদাত হোসেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী জামায়াত মনোনীত উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। তিনি হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব। অন্যদিকে, শাহাদাত হোসেন হায়দারগঞ্জ বাজারের ‘ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘর’ নামের রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শাহাদাত সাংবাদিকদের কাছে অভিযোগের বিষয়টি তুলে ধরেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) তিনি রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহেদ বিভিন্ন সময়ে ওই রেস্টুরেন্টে খাবার খেতেন এবং অতিথিদের নিয়েও আসতেন। অধিকাংশ সময় বাকিতে খাবার খাওয়ায় প্রায় পাঁচ মাস আগে তাঁর কাছে ২০ হাজার টাকা বকেয়া পড়ে। দীর্ঘদিনেও পাওনা টাকা পরিশোধ না করায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়।

শাহাদাতের অভিযোগ, গত ২৭ অক্টোবর ১২ থেকে ১৩ জনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে এসে জাহেদ উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন এবং কর্মচারীদের বের করে দেওয়া হয়। ঘটনার কিছু দৃশ্য রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করেছেন মালিকপক্ষ।

রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে জাহেদ লোকজন নিয়ে এসে রান্নাঘরে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায়ও তালা দেওয়া হয় এবং তাঁদের বের করে দেওয়া হয়।

শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। তিন দিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাঁচামাল নষ্ট হচ্ছে এবং আয় বন্ধ রয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তাঁর দাবি, তিনি রেস্টুরেন্টে তালা দেননি; বরং শাহাদাত নিজেই তালা দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। জাহেদ আরও দাবি করেন, শাহাদাত তাঁর কাছে কোনো টাকা পাবেন না, বরং তিনিই শাহাদাতের কাছে টাকা পাবেন। সিসিটিভি ফুটেজের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে তিনি শুনেছেন। এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে, তবে ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই।

রায়পুর থানার সহকারী উপপরিদর্শক নির্মল ত্রিপুরা জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষকে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।


Share: