Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: নতুন তথ্য দিল র‍্যাব - Chief TV

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: নতুন তথ্য দিল র‍্যাব - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  77 views
ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: নতুন তথ্য দিল র‍্যাব - Chief TV

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে নিহত স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির নাম মো. পনি ওরফে প্যারা পনি। র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। স্বজনদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশার পাশে এসে রনজিনার কাঁধে থাকা ব্যাগ ধরে টান দেন। এতে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বামী আবদুল মতিন তাকে উদ্ধার করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনজিনার স্বামী আবদুল মতিন জানান, শুক্রবার রাতে তারা বাসে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে সকাল ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় ফার্মগেটের খামারবাড়িতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

তার দাবি, মোটরসাইকেলটি দুইবার তাদের রিকশার পাশে ঘষা দেয়। এ নিয়ে প্রতিবাদ করার পর রিকশাচালক গতি কমিয়ে দিলে পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার ব্যাগ ধরে জোরে টান দেন। ছিনতাইকারী ব্যাগ নিয়ে চলে গেলেও টানের ধাক্কায় রনজিনা রিকশা থেকে সড়কে পড়ে যান।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দুইজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।


Share: