Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল থেকে খুলল ৫ বছরের শিশু হত্যার রহস্য - Chief TV

ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল থেকে খুলল ৫ বছরের শিশু হত্যার রহস্য - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  43 views
ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল থেকে খুলল ৫ বছরের শিশু হত্যার রহস্য - Chief TV

ঢাকার আশুলিয়ায় পাঁচ বছর বয়সী শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন এবং পরে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু তাসিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে ওই ভবনের বাসিন্দা সাইফুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে তদন্তের অংশ হিসেবে সাইফুলের কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরো ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটির মরদেহ উদ্ধারের সময় তার মুখেও একই ধরনের চাল পাওয়া গিয়েছিল।

এসব আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সাইফুলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশের দাবি, পূর্বশত্রুতা ও আক্রোশের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


Share: