চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে শাহিন আহমেদ (৩৯) নামে এক যাত্রী আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামাবাদ স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত শাহিন আহমেদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ফিরছিলেন। পথে হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে তার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে তিনি আহত হন।
পরে গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে আহত শাহিনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তিনি গন্তব্যের উদ্দেশে রওনা হন।
শাহিন আহমেদ বলেন, কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে তার মাথায় লাগে। এতে মাথা ফেটে যায়।
রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ট্রেন পরিচালক ওমর ফারুক রাসেল জানান, আহত যাত্রীকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ আলম বলেন, চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে ওই যাত্রী মাথায় আঘাত পেয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।