Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / দাবি না মানলে ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটবে: অলি আহমদ - Chief TV

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটবে: অলি আহমদ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  23 views
দাবি না মানলে ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটবে: অলি আহমদ - Chief TV

জনগণের দাবি ও সমস্যার সমাধান না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেছেন, দেশ বর্তমানে ‘জাহান্নামে’ পরিণত হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ নেই, অনেকের হাতে কাজ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ দিশাহারা হয়ে পড়েছে।

এ সময় তিনি ‘বিদ্যুৎ দে-গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে অলি আহমদ বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা হচ্ছে না।

পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবর রহমান। এ সময় সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইন দায়িত্ব পালন করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলী হোসেন আকন্দ, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যোবায়েব আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা।


Share: