রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির মুখ কসটেপ দিয়ে পেঁচানো ছিল। কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।