Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ধানমন্ডিতে টাকা লুটের ঘটনায় সাবেক তিন সেনাসহ গ্রেপ্তার ৯ - Chief TV

ধানমন্ডিতে টাকা লুটের ঘটনায় সাবেক তিন সেনাসহ গ্রেপ্তার ৯ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  25 views
ধানমন্ডিতে টাকা লুটের ঘটনায় সাবেক তিন সেনাসহ গ্রেপ্তার ৯ - Chief TV

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাদের কয়েকজন অতীতে র‍্যাবেও কর্মরত ছিলেন।

রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি জানান, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডি মডেল থানার ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। পালানোর সময় ধানমন্ডি থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তানভীর আহমেদ জুয়েল ও মো. মুজিবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালী, কুয়াকাটা বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর ও বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুট হওয়া ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তানভীর আহমেদ জুয়েলের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের চারটি মামলা, সজল চৌধুরীর বিরুদ্ধে একই ধরনের ছয়টি মামলা, জাকারিয়া হোসেনের বিরুদ্ধে মাদক ও হত্যা বা হত্যাচেষ্টার দুটি মামলা এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্য হলেন মো. মুজিবুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির এবং সোলায়মান মৃধা। মুজিবুর রহমান সেনাবাহিনীর সার্জেন্ট, জাকির হোসেন অনারারি ক্যাপ্টেন এবং সোলায়মান সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসর নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বর্ণ কেনাবেচার কথা বলে পরিকল্পিতভাবে ওই ডাকাতি করা হয়। ভুক্তভোগী খোরশেদ আলম স্বর্ণ কেনার জন্য টাকা নিয়ে চক্রটির সদস্যদের সঙ্গে ধানমন্ডির একটি স্থানে দেখা করতে যান। পরে স্বর্ণ ও টাকার লেনদেনের কথা বলে তাকে রিকশায় করে ডিঙ্গি রেস্টুরেন্টের সামনে নিয়ে আসা হয়।

সেখানে আগে থেকেই লেলিনের নেতৃত্বে চার-পাঁচজন অবস্থান করছিলেন। তাদের সংকেত পেয়ে চক্রের অন্য সদস্যরা রিকশাটির গতিরোধ করেন। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে খোরশেদের কাছ থেকে টাকা নিয়ে কয়েকজন মোটরসাইকেলে করে পালিয়ে যান।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।


Share: