ঢাকার কমলাপুর রেলস্টেশনের অদূরে রেললাইনের পয়েন্টে পা আটকে এক কিশোর দীর্ঘ সময় আটকে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কমলাপুর রেলস্টেশনের আউটার এলাকায় রেললাইনের পয়েন্টে কিশোরটির পা আটকে যায়। এ সময় সে আটকে থাকা অবস্থায় আর্তনাদ করছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত সিগন্যাল কেবিনে ফোন করে ঘটনাটি জানান।
পরে সিগন্যাল কেবিন থেকে রেললাইনের পয়েন্ট পরিবর্তন করা হলে কিশোরটির আটকে থাকা পা বের করা সম্ভব হয়। তবে উদ্ধার হওয়া কিশোরের পরিচয় জানা যায়নি।
‘রেলওয়ে ফ্যান ক্লাব’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পেজটিতে ভিডিওটি প্রায় দুই কোটি বার দেখা হয়েছে বলে জানা গেছে।
রেলওয়েতে এক লাইন থেকে অন্য লাইনে ট্রেন নেওয়ার জন্য পয়েন্ট পরিবর্তন করা হয়। বর্তমানে বড় রেলস্টেশন ও জংশনগুলোতে অনেক ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট পরিবর্তনের ব্যবস্থা রয়েছে, যা সিগন্যাল কেবিন থেকে নিয়ন্ত্রণ করা হয়।
ঘটনাটি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন রেলভক্ত গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারা রেললাইনে হাঁটা বা চলাচল না করার বিষয়ে সতর্ক করে বলছেন, অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।