ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ আগস্ট এ মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
২০১৯ সালের ২৯ অক্টোবর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে আসে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল আপিল ও ফৌজদারি আপিল করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের এই বেঞ্চে আসে।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। অভিযোগ গঠনের পর মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে বিচারিক আদালত রায় ঘোষণা করেছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন নুসরাতের মা। এরপর অধ্যক্ষকে কারাগার থেকে মুক্ত করার চেষ্টা ও নুসরাতকে চাপ দেওয়ার জন্য তার অনুসারীরা তৎপরতা চালায়। পরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদরাসায় গেলে নুসরাতকে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে গিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল মামলা করেন। তদন্ত শেষে ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার শেষে ২৪ অক্টোবর ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে ২৪ আগস্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন মামলার বাদীপক্ষ ও আসামিপক্ষ।