চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের বারান্দা থেকে ২৫টি ডিমসহ প্রায় পাঁচ ফুট লম্বা একটি বিষধর পদ্ম গোখরা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকায় সাপটি ও ডিমগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন। তিনি জানান, ওই বাড়ির বারান্দায় বস্তাভর্তি বালি ও ভাঙা ইটের টুকরো স্তূপ করে রাখা ছিল। সেখান থেকে বালি নেওয়ার সময় পরিবারের সদস্যরা সাপটির উপস্থিতি টের পান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরাটি উদ্ধার করা হয়। এ সময় সাপটির ২৫টি অক্ষত ডিম এবং একটি খোলসও পাওয়া যায়। ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রাকৃতিক পরিবেশে রাখা হয়েছে বলে জানান শাওন।
উদ্ধারের পর শনিবার (২৯ আগস্ট) সকালে সাপটিকে নিরাপদে জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে।