লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান।
পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
পরে মঙ্গলবার সন্ধ্যার পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।