মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীর তুলনায় স্বজনের অতিরিক্ত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে একজন রোগীর সঙ্গে একাধিক স্বজনকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যাচ্ছে। এতে চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি রোগীদের স্বাভাবিক বিশ্রাম ও সুস্থ পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, কেউ রোগী দেখতে এসে দীর্ঘ সময় ওয়ার্ডে অবস্থান করছেন, আবার অনেক রোগীর সঙ্গে পরিবারের একাধিক সদস্য অবস্থান করছেন। অতিরিক্ত মানুষের ভিড়ে ওয়ার্ডগুলোতে সৃষ্টি হচ্ছে কোলাহল। ফলে অসুস্থ রোগীদের প্রয়োজনীয় শান্ত পরিবেশ ও বিশ্রাম নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
চিকিৎসকদের মতে, একজন অসুস্থ মানুষের দ্রুত সুস্থতার জন্য চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত ঘুম, বিশ্রাম ও শান্ত পরিবেশ গুরুত্বপূর্ণ। কিন্তু হাসপাতালে অতিরিক্ত স্বজনের উপস্থিতি রোগীদের সেই পরিবেশ থেকে বঞ্চিত করছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর স্বজনদের অপ্রয়োজনে ওয়ার্ডে ভিড় না করার জন্য বারবার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা মানছেন না। ফলে হাসপাতালের শৃঙ্খলা ও চিকিৎসাবান্ধব পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, রোগীর স্বার্থেই স্বজনদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। প্রয়োজন ছাড়া হাসপাতালে ভিড় না করে একজন রোগীর সঙ্গে সীমিত সংখ্যক স্বজন অবস্থান করলে অন্য রোগীর চিকিৎসা ও বিশ্রামের পরিবেশও নিশ্চিত করা সম্ভব।
হাসপাতালকে শুধু রোগী দেখার জায়গা নয়, অসুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার নিরাপদ ও শান্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে রোগীর স্বজনসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।