Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / ইউএনওর পৃষ্ঠপোষকতায় সৈয়দপুরের ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রাণ - Chief TV

ইউএনওর পৃষ্ঠপোষকতায় সৈয়দপুরের ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রাণ - Chief TV

2026-08-19  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  41 views
ইউএনওর পৃষ্ঠপোষকতায় সৈয়দপুরের ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রাণ - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ক্রীড়াঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলার পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এতে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ বেড়েছে।

নিয়মিত পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে বুধবার (১৯ আগস্ট) সৈয়দপুরের নাইট ফুটবল ক্লাবের (এনএফসি) জন্য ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ইউএনও। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ক্লাবটির নেতৃবৃন্দের হাতে নেটসহ দুটি মিনি গোলপোস্ট ও একটি ফুটবল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনএফসির সভাপতি সাংবাদিক জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফটোসাংবাদিক মো. সোহেল, সাংবাদিক শাহজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, জাতীয় ক্রিকেট ব্যক্তিত্ব মোক্তার আনসারী, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু ও সেকেন্দার আলী এবং ব্যবসায়ী সাজু।

সৈয়দপুর দীর্ঘদিন ধরেই শিল্প ও শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছিল। তবে নানা কারণে সেই ঐতিহ্যে ভাটা পড়ে। একসময় শহরের বিভিন্ন মাঠে নিয়মিত খেলাধুলা হলেও ধীরে ধীরে ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম কমে যায়। এমনকি সৈয়দপুর রেলওয়ে মাঠও একপর্যায়ে মাদক ও জুয়ার আসরসহ নানা অনিয়মের কারণে সাধারণ মানুষের জন্য অনিরাপদ হয়ে পড়ে।

এ অবস্থায় গত মাস থেকে স্থানীয় কয়েকজন সাংবাদিক ও ব্যবসায়ী মিলে রেলওয়ে মাঠে রাতে ফুটবল খেলার উদ্যোগ নেন। তাদের উদ্যোগে মাঠের পরিবেশে পরিবর্তন আসতে শুরু করে। পরে অন্যরাও মাঠের বিভিন্ন অংশে খেলাধুলায় যুক্ত হন। বর্তমানে তিন থেকে চারটি দলে প্রায় ৩০ থেকে ৪০ জন নিয়মিত রাতে ফুটবল খেলছেন।

রেলওয়ে মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও ফারহা ফাতেহা তাকমিলা ক্রীড়া সামগ্রী উপহার দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পৃষ্ঠপোষকতা সৈয়দপুরের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।


Share: