রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের পদচারণা ও প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আমেজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউস বাংলাদেশের পরিচালক ডিরেক্টর মিসেস আলেক্সান্দ্রা এ. খলেভনয়। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলী, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের সমন্বয়ক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান বলেন, শুধু সনদ প্রদান নয়, দক্ষ ও কর্মসংস্থানযোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং সাশ্রয়ী খরচে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে বলেও জানান তিনি।
বিশেষ অতিথি ডিরেক্টর মিসেস আলেক্সান্দ্রা এ. খলেভনয় বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইতোমধ্যে রাশিয়া সরকারের আমন্ত্রণে বিভিন্ন পূর্ণ অর্থায়িত কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভবিষ্যতে ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা অর্জনে মনোযোগী শিক্ষার্থীদের জন্যও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শুরু থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে গান, নৃত্যসহ নানা পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও স্মরণীয়।