নেত্রকোনার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাহারা খাতুন নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ঘরজামাই রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম, তার বর্তমান স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম একই উপজেলার পাটলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সাহারা খাতুন ও রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল সাহারা খাতুনকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা রফিকুলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে রফিকুলের বর্তমান স্ত্রী ও তার মাকেও আটক করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এজাহার পাওয়ার পর মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।