Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার পলক ও আনিসুল হক - Chief TV

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার পলক ও আনিসুল হক - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  42 views
জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার পলক ও আনিসুল হক - Chief TV

জুলাইয়ের ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে এক চালকের বাঁ চোখ হারানোর ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা গত ৩০ সেপ্টেম্বর আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে তাঁদের সক্রিয় ভূমিকা ছিল। তদন্তে এ মামলায় তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানরত আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মামুন (২৫) নামে এক চালক শরীরের বিভিন্ন স্থানে, মাথায় ও বাঁ চোখে গুলিবিদ্ধ হন। প্রথমে তাঁকে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার একপর্যায়ে তাঁর বাঁ চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করায় তাঁরা এ মামলাতেও গ্রেপ্তার হিসেবে গণ্য হবেন।


Share: