Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

2026-08-19  ডেস্ক রিপোর্ট  41 views
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দম্পতি ও তাদের দুই বছর বয়সী শিশুসন্তানসহ কুষ্টিয়ার চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ দুর্ঘটনা ঘটে। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে।

নিহত চার বাংলাদেশি হলেন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের দুই বছর বয়সী ছেলে শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।

দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ভারতে যান দেবাশিস। কলকাতার পাশাপাশি তারা বেঙ্গালুরুও গিয়েছিলেন। মঙ্গলবার রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও তথ্য নিয়মিত শেয়ার করছিলেন দেবাশিস। মৃত্যুর কিছু সময় আগে দেওয়া এক পোস্টে বেঙ্গালুরু ভ্রমণ শেষ হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। সেই ভ্রমণই যে তার জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কেউ ভাবতে পারেননি।

দেবাশিসের বড় মেয়ে পাখি কুষ্টিয়ায় থাকায় এই ঘটনায় সে প্রাণে বেঁচে গেলেও বাবা-মা ও ছোট ভাইকে হারিয়ে এক নিমেষে এতিম হয়ে গেছে।

ছেলে, পুত্রবধূ ও নাতিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দেবাশিসের বাবা দিলীপ দত্ত ও মা স্বপ্না দত্ত। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তাদের বাড়ির পরিবেশ।

দেবাশিস দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ও কুষ্টিয়া প্রেসক্লাবের নেতারাও এ ঘটনায় শোক জানিয়েছেন।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেবাশিস অত্যন্ত মেধাবী, পেশাদার ও সাদা মনের মানুষ ছিলেন। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রিপন বলেন, দীর্ঘদিনের সহকর্মীকে এভাবে হারানো অত্যন্ত হৃদয়বিদারক। দেবাশিসের মৃত্যু কুষ্টিয়ার সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি।


Share: