ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি পোস্টটি দেন।
পোস্টে মীম লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’
তার পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। কেউ প্রশ্ন তোলেন, টিকটক করলে জাহান্নামি হতে হয় কি না, আবার কেউ মীমের এমন পোস্টকে মজার ছলে নিয়েছেন। ফলে পোস্টটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিছবাহের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০ আগস্ট ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাঁদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের সময় মিছবাহ তাঁর আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে হুমায়রা জানতে পারেন, তাঁকে ছাড়াও মিছবাহ আরও কয়েকটি বিয়ে করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল দাবি করেন, হুমায়রা জান্নাত মিছবাহের পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও চারটি বিয়ে করেছেন বলে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে।