কুষ্টিয়ায় মোবাইল চার্জ দিয়ে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান (১৩) জেলার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় নিশান। ঘটনার রাতে নিশানসহ তিনজন মোবাইল চার্জে দিয়ে গান শুনছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্বজনরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছিল।