Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে থাকার আশ্বাস আমির হামজার - Chief TV

নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে থাকার আশ্বাস আমির হামজার - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  28 views
নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে থাকার আশ্বাস আমির হামজার - Chief TV

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষ দত্তের বাড়িতে যান তিনি। এ সময় নিহত সাংবাদিকের বাবা-মা ও সাত বছর বয়সী মেয়ের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আমির হামজা বলেন, সরকারি সহায়তার সুযোগগুলো কাজে লাগানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও পরিবারটির পাশে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে দেবাশীষের মেয়ের পড়াশোনা যাতে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে, সে বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা তো দল-মত, জাতি-ধর্ম-বর্ণ দেখি না। মানুষের কল্যাণের জন্যই কাজ করি। উনাদের কল্যাণে যতটুকু করা যায়, চেষ্টা করব।’ দেবাশীষের মেয়ের ভবিষ্যতের কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুটির দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

উল্লেখ্য, বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন।

তারা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, দুই বছর বয়সী ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার বাড়িটিতে। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকাহত কুষ্টিয়ার সাংবাদিক সমাজও।


Share: