Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে বৃহত্তম জশনে জুলুশ অনুষ্ঠিত - Chief TV

অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে বৃহত্তম জশনে জুলুশ অনুষ্ঠিত - Chief TV

2026-08-26  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  37 views
অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে বৃহত্তম জশনে জুলুশ অনুষ্ঠিত - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম জশনে জুলুশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে আবার রেলওয়ে মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে সম্মিলিত দরুদপাঠ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোর থেকেই সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, খানকাহ ও বিভিন্ন সংগঠন থেকে দলে দলে মানুষ রেলওয়ে মাঠে জড়ো হতে থাকেন। শিশু-কিশোর, বয়স্কসহ বিভিন্ন বয়সী মুসল্লিরা পায়ে হেঁটে, অটোরিকশা ও পিকআপে করে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় বিভিন্ন ইসলামী সংগীত ও নাত পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। নানা সাজে সাজানো গাড়িবহরে পবিত্র কাবা ও মসজিদে নববীর প্রতিকৃতি রাখা হয়। পথে আতর ও গোলাপ পানি ছিটানো হয় এবং বিভিন্ন স্থানে স্থানীয়রা হাত নেড়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।

শোভাযাত্রাকে কেন্দ্র করে সৈয়দপুর শহরের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৩০ থেকে ৪০টি তোরণ নির্মাণ করা হয়। তোরণ, বাসাবাড়ি ও বিভিন্ন ভবনে কয়েক দিন ধরে আলোকসজ্জাও করা হয়।

সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সম্মিলিত দরুদপাঠ করা হয়। একই সঙ্গে মুসলিম বিশ্বের শান্তি, নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর মুক্তি এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মুসলিমদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত জয়শরীফ থেকে আগত পীরে তরিকত হযরত সৈয়দ মুহাম্মদ জামাল আল আশরাফ আল আশরাফী আল জিলানী। বিশেষ অতিথি ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ জাকিরুল মুনির, নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম এবং শহর আমীর ও ব্যবসায়ী শরফুদ্দিন খান।

সৈয়দপুরের আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি ও বিভিন্ন খানকাহর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজক ও অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের পাশাপাশি স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কল্যাণময় সমাজ গঠনে ভূমিকা রাখবে।

 


Share: