জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের এক অফিস আদেশে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে বিমানের প্রধান পরিকল্পনা ও সময়সূচি কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং উপপ্রধান (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, গত ২৯ অক্টোবর নারিতা-ঢাকা রুটে পরিচালিত বিজি ৩৭৭ ফ্লাইটটির উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনার প্রকৃত কারণ ও ধরন অনুসন্ধানের পাশাপাশি ত্রুটি শনাক্ত এবং নিরসনে নেওয়া কারিগরি ও পরিচালনাগত পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি।
এ ছাড়া ফ্লাইট বিলম্বের কারণ, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর ঘটনার প্রভাব নিরূপণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত কোনো ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখবে কমিটি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও করবে তদন্ত কমিটি। কমিটি গঠনের পর চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।