Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে নাম্বার ওয়ানে রাখব: আরিফুল হক চৌধুরী - Chief TV

বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে নাম্বার ওয়ানে রাখব: আরিফুল হক চৌধুরী - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  24 views
বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে নাম্বার ওয়ানে রাখব: আরিফুল হক চৌধুরী - Chief TV

বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অদক্ষ শ্রমিক পাঠিয়ে দেশের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। দক্ষ কর্মী তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শীর্ষে নিতে সরকার কাজ করছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষকে দক্ষ শ্রমিকে পরিণত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আনসার-ভিডিপির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে তিনি মনে করছেন, এ লক্ষ্য অর্জনের পথে অগ্রগতি হচ্ছে। এ ক্ষেত্রে আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য নিয়োগকারী প্রতিষ্ঠানের পাশাপাশি আনসার বাহিনীকেও সরকারি পর্যায়ে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাহিনীটি বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক সংগ্রহ ও পাঠানোর সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, কয়েকটি দেশের প্রতিনিধিদল ইতিমধ্যে আনসার বাহিনীর কর্মসংস্থান কার্যক্রমের বাস্তব চিত্র ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছে। আনসার সদস্যদের জন্য দ্রুত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে পাঠানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া শ্রমিকদের দক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। দক্ষ কর্মী পাঠানো গেলে বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের শিল্পকারখানায় সাম্প্রতিক অস্থিতিশীলতার প্রসঙ্গও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গতকাল কিছু লোক শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানান এবং এক সপ্তাহের মধ্যে মজুরি নির্ধারণের কথা বলেন। একই সঙ্গে অস্থিতিশীলতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশকে গুরুত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

এর আগে আনসার-ভিডিপি একাডেমিতে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। পরে তিনি আনসার-ভিডিপির পোশাক তৈরির কারখানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।


Share: