জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে যুক্ত হতে আবেদন করেছেন যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী জানান, তার সঙ্গে কাজ করার জন্যই বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।
সালমান এফ রহমানের বিরুদ্ধে চলতি বছরের ১২ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে রাজধানীর মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব নির্যাতন বন্ধে আসামিরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। এর ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনে কথোপকথন হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় সালমান এফ রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে আইনি লড়াইয়ে যুক্ত হওয়ার জন্যই গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছেন। গত ২৪ আগস্ট বার কাউন্সিল আবেদনটি গ্রহণ করেছে।
তবে যুক্তরাজ্যের এই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে লড়াইয়ের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।