Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / সাভারে পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা, আটক ১ - Chief TV

সাভারে পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা, আটক ১ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  20 views
সাভারে পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা, আটক ১ - Chief TV

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত প্রাইভেটকার চালক ও মালিক জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা জহিরুলকে রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে আমিনবাজার এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম। তিনি জানান, ঘটনার পর থেকেই আমিনবাজার এলাকায় পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছিল। ভোররাতে মূল অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহত আলতাফ হোসেনের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রোববার সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিরোধ মীমাংসার জন্য এগিয়ে গেলে এসআই আলতাফ হোসেনও ওই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে প্রাইভেটকার চালক জহিরুল ইসলাম ও তার সহযোগীদের সঙ্গে আলতাফের বিরোধ তীব্র হয়। অভিযোগ রয়েছে, আলতাফ দৌড়ে তার গেঞ্জি কারখানায় আশ্রয় নিলেও পরে জহিরুলসহ আরও কয়েকজন সেখানে হামলা চালায়। এ সময় আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামকে মারধর করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে রাত সাড়ে ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলতাফ হোসেন পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা জেলা পিবিআইয়ের ওসি সোলেমান গাজী জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই তারা তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।


Share: